ইয়েমেনের বন্দরনগরী মুকাল্লায় সংযুক্ত আরব আমিরাত–সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের জন্য পাঠানো অস্ত্রবাহী চালান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। মঙ্গলবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।
সৌদি আরবের দাবি, ফুজাইরাহ বন্দর থেকে আসা দুটি জাহাজ থেকে দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) জন্য অস্ত্র ও সামরিক যান খালাস করা হচ্ছিল। সম্ভাব্য ক্ষতি এড়াতে রাতের বেলায় হামলা চালানো হয়।
তবে এএফপিকে দেওয়া বিবৃতিতে ইয়েমেন সংঘাত উসকে দেওয়ার অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে।
হামলায় হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, দক্ষিণ ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদীদের অগ্রযাত্রা ঠেকাতে এটি সৌদি আরবের একটি স্পষ্ট সতর্কবার্তা।
স্টাফ রিপোর্টার 










