ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন এডভোকেট জয়শ্রী দেব। তিনি জাতীয়তাবাদী মহিলা দল, সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, সুনামগঞ্জ এর সহকারী পাবলিক প্রসিকিউটর।
গত ৮ এপ্রিল নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের তফসিল ঘোষনা করে। তফসিল অনুযায়ী এই নির্বাচন ১২ মে অনুষ্ঠিত হবে। এরই প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য সংরক্ষিত ৩৬টি আসনের বিপরীতে এবার রেকর্ড সংখ্যক নারী নেত্রী মনোনয়ন পত্র সংগ্রহ এবং তাদের মধ্যে অনেকেই তা কেন্দ্রীয় কার্যালয়ে জমা করেছেন। আজ ছিলো মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। এই উপলক্ষ্যে কেন্দ্রিয় কার্যালয়ে নেতা-কর্মীদের ভিড় দেখা গেছে।
স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিগত ১৭ বছর ধরে রাজধানী ঢাকা, বিভাগীয় শহর সিলেট এবং নিজ জেলা সুনামগঞ্জে দলের প্রতিটি সাংগঠনিক অনুষ্ঠানে তিনি সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন। ২০২৩ সালে ঢাকায় আয়োজিত বিএনপি’র এক দফা আন্দোলনে সিলেট বিভাগ থেকে অসীম সাহসিকতায় একমাত্র তিনিই অংশ নিয়েছিলেন।
রাজনীতির পাশাপাশি তিনি একজন নিরলস সমাজকর্মী। স্থানীয় বেশ কয়েকটি সামাজিক সংগঠনের সাথে তিনি অতোপ্রতোভাবে জড়িত আছেন। দলের নির্দেশে ২০১৭, ২০১৮ ও ২০২৪ সালের বন্যা পরবর্তী পূনর্বাসন কাজ, করোনাকালীন সময় এবং রমজান, ঈদের সময় এতিম ও অসহায় দুঃস্থ মানুষদের জন্য নানাবিধ সহায়তা নিয়ে পাশে ছিলেন। ব্যক্তিগত ব্যবস্থাপনায় তিনি প্রতি বছর রমজান ও ঈদের সময় পুরো জেলার শতাধিক পরিবারকে ধারাবাহিকভাবে খাদ্য সহায়তা দিয়ে আসছেন।
নির্বাচিত হলে শিক্ষা, কর্মসংস্থান, পর্যটন এবং যোগাযোগ ব্যবস্থায় পিছিয়ে থাকা সুনামগঞ্জের উন্নয়নকল্পে স্থানীয় সকল অংশীজনদের সাথে নিয়ে তিনি মাঠে থাকবেন বলে জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার 









