সমাজ বার্তা | আন্তর্জাতিক
ইরানে ইসরায়েলি হামলার প্রথম ধাপের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে তিনি অস্বীকার করলেন আগের সেই দাবি, যেখানে বলা হয়েছিল ইসরায়েল একাই হামলা চালিয়েছিল। খবর আল জাজিরার।
গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, “ইসরায়েল প্রথমে হামলা করেছিল, এবং আমি পুরোপুরি বিষয়টির দায়িত্বে ছিলাম।” তিনি দাবি করেন, ইরানে প্রথম দিনের হামলায় যত ক্ষতি হয়েছে, পরে সব হামলা মিলেও তত হয়নি।
প্রসঙ্গত, গত ১৩ জুন ইসরায়েল ইরানের ওপর ব্যাপক বিমান হামলা চালায়, যাতে নিহত হন ইরানের কয়েকজন শীর্ষ জেনারেল, পারমাণবিক বিজ্ঞানী ও বহু সাধারণ মানুষ। জবাবে ইরান ইসরায়েলের দিকে শতাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। পরে যুক্তরাষ্ট্রও যুদ্ধে যুক্ত হয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করে।
যুদ্ধের শুরুতে ওয়াশিংটন জানিয়েছিল, ইসরায়েল একাই এ হামলা চালিয়েছে এবং যুক্তরাষ্ট্র এতে অংশ নেয়নি। কিন্তু ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে বিষয়টির নতুন মাত্রা যোগ হয়েছে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য তার প্রশাসনের আগের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে। একই সঙ্গে এটি মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
তেহরান এখনো প্রকাশ্যে তাদের পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষতির বিস্তারিত জানায়নি। তবে ইরানি কর্মকর্তারা বলছেন, দেশটির পারমাণবিক কর্মসূচি এখনো সচল রয়েছে।
স্টাফ রিপোর্টার 










