বলপূর্বক গুমের ঘটনায় রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি—এমন তথ্য উঠে এসেছে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির চূড়ান্ত প্রতিবেদনে। রোববার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় কমিশন।
কমিশনের তথ্য অনুযায়ী, এখনো নিখোঁজ থাকা গুমের শিকার ব্যক্তিদের মধ্যে ৬৮ শতাংশই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় জীবিত ফিরে আসা গুমের শিকার বিএনপি সংশ্লিষ্ট নেতা-কর্মীদের সংখ্যা অনেক কম, তাদের অনেকেই হত্যার শিকার হয়েছেন বলে মনে করা হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, উচ্চপ্রোফাইল গুমের বেশ কয়েকটি ঘটনায় বিএনপির শীর্ষ নেতারা শিকার হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য সাবেক সাংসদ ইলিয়াস আলী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও চৌধুরী আলম। এসব ঘটনায় তৎকালীন সরকারের সর্বোচ্চ পর্যায়ের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে কমিশন।
কমিশনের মতে, গুম ছিল একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপরাধ, যার লক্ষ্য ছিল বিরোধী রাজনৈতিক শক্তিকে দমন করা। এই বাস্তবতায় বিএনপি সাংগঠনিকভাবে এবং নেতৃত্ব পর্যায়ে সবচেয়ে বড় মানবাধিকার ক্ষতির মুখে পড়েছে বলে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার 









