চলতি ডিসেম্বরের প্রথম আট দিনেই দেশে প্রবাসী আয়ে এসেছে ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলার। প্রবাসী আয় বৃদ্ধির ফলে বাজারে ডলারের সরবরাহ বেড়ে যাওয়ায় ব্যাংকিং খাতে দেখা দিয়েছে উদ্বৃত্ত। এর প্রেক্ষিতে বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে ১৩টি বাণিজ্যিক ব্যাংক থেকে ২০ কোটি ২০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার এ ডলার ক্রয়ের কার্যক্রম সম্পন্ন হয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময় প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ২৭ পয়সা থেকে ১২২ টাকা ২৯ পয়সা। কাট–অফ রেট নির্ধারণ করা হয় ১২২ টাকা ২৯ পয়সা, যা মাল্টিপল প্রাইস নিলাম পদ্ধতির মাধ্যমে নির্ধারিত হয়েছে।
চলতি (২০২৫–২৬) অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত নিলাম পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংক ২৫১ কোটি ৪০ লাখ ডলার (২.৫১ বিলিয়ন) কিনেছে। গত ১৩ জুলাই থেকে এ নিলাম কার্যক্রম শুরু করে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ১ থেকে ৮ ডিসেম্বর সময়ে দেশে মোট ১০০ কোটি ডলার প্রবাসী আয় এসেছে। শুধু ৮ ডিসেম্বরই এসেছে ১৩ কোটি ১০ লাখ ডলার। গত বছরের একই সময়ের তুলনায় এই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২১ শতাংশ।
এ ছাড়া চলতি অর্থবছরের জুলাই থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট প্রবাসী আয় এসেছে ১ হাজার ৪০৪ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের ১ হাজার ১৯৬ কোটি ডলারের তুলনায় ১৭ শতাংশ বেশি।
প্রবাসী আয়ের ধারাবাহিক এই প্রবৃদ্ধি বাজারে ডলার সরবরাহ বাড়াতে সহায়তা করছে, যা বৈদেশিক মুদ্রাবাজারের স্থিতিশীলতায় কেন্দ্রীয় ব্যাংকের জন্য বড় ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
স্টাফ রিপোর্টার 










