বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে ব্যাংক, এমএফএস, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানসহ সব সেবাদাতার মধ্যে আন্তলেনদেন (ইন্টারঅপারেবিলিটি) ব্যবস্থা চালু হবে। এতে ক্যাশআউটের প্রয়োজন কমে যাবে এবং লেনদেন হবে আরও স্বচ্ছ ও কম খরচে।
আজ সোমবার ঢাকায় বাংলাদেশ ব্যাংক ও গেটস ফাউন্ডেশনের মোজালুপের মধ্যকার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নতুন প্ল্যাটফর্মের নাম হবে ‘ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম (আইআইপিএস)’।
গভর্নর জানান, ডিজিটাল লেনদেনই ভবিষ্যতের পথ। আন্তলেনদেন সিস্টেম চালু হলে অনানুষ্ঠানিক অর্থনীতি আনুষ্ঠানিক খাতে আসবে এবং জিডিপি ২.৫% থেকে ৫.৪% পর্যন্ত বাড়তে পারে। বর্তমানে নগদ লেনদেনে বছরে ২০ হাজার কোটি টাকা ব্যয় হলেও আইআইপিএস চালু হলে তা উল্লেখযোগ্যভাবে কমবে।
গেটস ফাউন্ডেশনের প্রতিনিধি, বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং আর্থিক খাতের শীর্ষ ব্যক্তিরা বলেন, এই উদ্যোগ সফল হলে দেশের অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে এবং গ্রাহকের সুবিধা বাড়বে।
ছবি কৃতজ্ঞতাঃ বাংলাদেশ ব্যাংক
স্টাফ রিপোর্টার 











