প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রতিযোগিতা নিজেকে আবিষ্কারের এক সুযোগ। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় শিশু প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি ২০২৫’ দেশের শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতা বিকাশে দারুণ ভূমিকা রাখছে।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা কার্যালয়ের শাপলা হলে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক ইউনূস বলেন, “শিশুদের আজকের এই অর্জন তাদের জীবনের এক বিশেষ মুহূর্ত। এটি তাদের অনুপ্রাণিত করবে নিজেদের আবিষ্কার করতে এবং আরও বড় স্বপ্ন দেখতে।”
তিনি আরও বলেন, “এই আনন্দ কেবল বিজয়ীদের নয়, তাদের পরিবার এবং সমগ্র দেশের জন্যও গর্বের। প্রতিটি শিশুর অর্জনই একেকটি অনুপ্রেরণার মাইলফলক।”
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিভিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় সারা দেশের হাজারো শিশু অংশ নেয়। নাচ, গান, আবৃত্তি, কৌতুক, গল্প বলা ও অভিনয়সহ ১২টি বিভাগে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। এবার ‘ক’ গ্রুপে টাঙ্গাইলের প্রেয়সী চক্রবর্তী এবং ‘খ’ গ্রুপে সুনামগঞ্জের শুভ মিতা তালুকদার চ্যাম্পিয়ন হন। প্রধান উপদেষ্টা তাঁদের হাতে ক্রেস্ট ও তিন লাখ টাকার চেক তুলে দেন।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বিশেষ অতিথি হিসেবে এবং মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা সভাপতিত্ব করেন।
অধ্যাপক ইউনূস বলেন, “বিজয়ীরা যেমন উৎসাহের যোগ্য, তেমনি যারা জয়ী হতে পারেনি, তারাও অনুপ্রেরণার উৎস। কারণ, কোনো শিশু যখন ভাবে ‘আমি কেন না?’ — তখনই সে নিজের ভেতরের শক্তিকে চিনে ফেলে।”
তিনি আরও বলেন, “এ ধরনের প্রতিযোগিতা শিশুদের প্রশ্ন করতে শেখায়, চ্যালেঞ্জ নিতে শেখায়, এবং আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। এর মাধ্যমেই তারা বুঝতে পারে—‘আমি পারি’।”
প্রধান উপদেষ্টা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও বিটিভিকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁরা ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতাকে নতুনভাবে প্রাণবন্ত করেছেন।
তিনি প্রতিযোগিতার পরিধি বাড়িয়ে প্রযুক্তি, বিজ্ঞান, ফ্যাশন ডিজাইন, উদ্যোক্তা উন্নয়ন, লেখালেখি ও ক্রীড়া— এসব ক্ষেত্রেও অনুরূপ আয়োজনের আহ্বান জানান।
“আমাদের লক্ষ্য হওয়া উচিত—কোনো শিশুই যেন পিছিয়ে না থাকে,” বলেন অধ্যাপক ইউনূস। “প্রতিটি শিশুর মধ্যেই কিছু বিশেষ আছে, সেটি আনন্দের সঙ্গে আবিষ্কার করতে হবে।”
বিশ্বমঞ্চে বাংলাদেশের শিশু ও তরুণদের আত্মপ্রকাশের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা যেমন দেশের সেরাদের মধ্যে সেরা হতে চাই, তেমনি বিশ্বের সেরাদের মধ্যেও জায়গা করে নিতে চাই।”
অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা বিজয়ী, অংশগ্রহণকারী, অভিভাবক, শিক্ষক, বিচারক ও আয়োজকদের অভিনন্দন জানান। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে।
স্টাফ রিপোর্টার 









