জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অভিন্ন মত গঠনের আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ আহ্বান জানান।
তিনি বলেন, জুলাই সনদ ও গণভোটের সময় ও বিষয়বস্তু নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও মতভেদ রয়েছে। তাই আগামী এক সপ্তাহের মধ্যে—সম্ভব হলে সাত দিনের মধ্যে—দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে সরকারকে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আসিফ নজরুল আরও জানান, দলগুলো ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হলে সরকার নিজের মতো করেই সিদ্ধান্ত নেবে। তবে এটি কোনো আল্টিমেটাম নয়, বরং রাজনৈতিক ঐক্য অর্জনের জন্য একটি আহ্বান বলেও তিনি উল্লেখ করেন।
উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সরকারের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়।
স্টাফ রিপোর্টার 










