সমাজ বার্তা স্পোর্টস ডেস্কঃ প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের স্বপ্ন পূরণ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১৭ মে আবাহনীর হারের মাধ্যমে তিন ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হওয়া সাদা-কালোদের হাতে আজ (শুক্রবার) কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে ট্রফি তুলে দেওয়া হয়।
চ্যাম্পিয়নশিপ নিশ্চিতের পর ১৭তম রাউন্ডে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৩-১ গোলে এগিয়ে থেকেও ম্যাচটি ৩-৩ গোলে ড্র করে মোহামেডান। দলের হয়ে দুটি গোল করেন অধিনায়ক সোলেমান দিয়াবাতে, একটি মেহেদী হাসান মিঠু। ব্রাদার্সের হয়ে গোল করেন দিয়ারা, এমফন সানডে ও জুয়েল রানা।
এই ম্যাচ দিয়েই ক্যারিয়ারের ইতি টানেন ব্রাদার্সের অভিজ্ঞ গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা।
ট্রফি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান ও নির্বাহী সদস্যরা। রাতে ঢাকায় ক্লাবে আরও এক দফা উদযাপন করবে নবনির্বাচিত চ্যাম্পিয়ন মোহামেডান।
স্টাফ রিপোর্টার 









