ক্রীড়া ডেস্কঃ ম্যানচেস্টার সিটির ম্যানেজার পেপ গার্দিওলা জানিয়েছেন, উইঙ্গার জ্যাক গ্রীলিশের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে চলতি মৌসুম শেষে। ২০২৩ সালে ট্রেবল জয়ের গুরুত্বপূর্ণ সদস্য হলেও চলতি মৌসুমে গ্রীলিশ গার্দিওলার পরিকল্পনায় অনেকটা অনিয়মিত হয়ে পড়েছেন।
২৯ বছর বয়সী গ্রীলিশ এবারের প্রিমিয়ার লিগে মাত্র ৭টি ম্যাচে মূল একাদশে ছিলেন। সর্বশেষ শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে এফএ কাপের ফাইনালে ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচেও বেঞ্চে ছিলেন তিনি। এতে গ্রীলিশের ক্লাব ছাড়ার গুঞ্জন আরও জোরালো হয়।
গার্দিওলা বলেন, গ্রীলিশের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বিদায়ী ফুটবল ডিরেক্টর ত্সিকি বেগিরিস্তাইন, তার উত্তরসূরি হুগো ভিয়ানা এবং গ্রীলিশের এজেন্টদের আলোচনার মাধ্যমে।
তিনি বলেন, “আমি এখনো তার সঙ্গে এ বিষয়ে কথা বলিনি। মানুষ বিশ্বাস না করলেও এমন সিদ্ধান্ত সাধারণত ক্লাব ও এজেন্টদের মাধ্যমেই হয়। ত্সিকি এবং হুগো এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।”
গার্দিওলা আরও বলেন, “যা হবার তা হবেই। তবে সে যদি দলে জায়গা পেতে চায়, তাহলে তাকে মাঠে ফিরে আসতে হবে এবং নিজেকে আবার প্রমাণ করতে হবে।”
গ্রীলিশের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড় মাঠে নিয়মিত না থাকায় অসন্তুষ্ট থাকাটা স্বাভাবিক বলে মনে করেন গার্দিওলা। “এটা শুধু জ্যাক নয়, আমার মনে হয় কোনো খেলোয়াড়ই খেলা না পেয়ে খুশি থাকে না। প্রত্যেক খেলোয়াড়ই মাঠে থাকতে চায়,” বলেন তিনি।
অন্যদিকে, সিটি ছাড়ার বিষয়টি একপ্রকার নিশ্চিত হয়ে গেছে আরেক তারকা কেভিন ডে ব্রুইনের। গত মঙ্গলবার বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ হোম ম্যাচ খেলে ফেলেছেন তিনি। ৩৩ বছর বয়সী এই বেলজিয়ান তারকার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে জুনে। ১০ বছরের ক্যারিয়ারে ১৬টি ট্রফি জিতেছেন তিনি।
তবে সাম্প্রতিক বছরগুলোতে ইনজুরি ও ফর্মহীনতার কারণে পারফরম্যান্সে ভাটা পড়ায় গার্দিওলা মনে করছেন বিদায়ের সময় ঠিকই এসেছে। “কিছু খেলোয়াড় থাকে যাদের বদলানো সত্যিই কঠিন। কিন্তু আমাদের সামনে এগোতেই হবে,” বলেন সিটি বস।
সূত্র ও ছবি: এএফপি
স্টাফ রিপোর্টার 










