সমাজ বার্তা ডেস্কঃ আসন্ন ঈদ উপলক্ষে দেশব্যাপী ভ্রাম্যমাণ ট্রাকে করে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামীকাল বৃহস্পতিবার (২২ মে) থেকে শুরু হয়ে এ কার্যক্রম চলবে ৩ জুন পর্যন্ত। টিসিবি জানায়, শুক্রবার ও অন্যান্য ছুটির দিনেও এই বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে।
সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবার কার্ড ছাড়া সাধারণ ভোক্তারাও ট্রাক থেকে নির্ধারিত দামে পণ্য কিনতে পারবেন। তবে কার্ডধারীদের তুলনায় তাদের জন্য মূল্য কিছুটা বেশি নির্ধারিত হয়েছে, যদিও তা বাজারদরের তুলনায় কম।
প্রতিদিন সারা দেশে ৬৯০টি ট্রাকের মাধ্যমে এ পণ্য বিক্রি করা হবে। এর মধ্যে রাজধানী ঢাকায় ৫০টি, চট্টগ্রামে ২০টি, অন্য ছয়টি বিভাগীয় শহরে ১০টি করে এবং ৫৬টি জেলা শহরে ১০টি করে ট্রাক নিয়োজিত থাকবে।
ভোক্তারা একসঙ্গে সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি কিনতে পারবেন। সাধারণ ক্রেতাদের জন্য প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৩৫ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৮০ টাকা এবং চিনি ৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অপরদিকে, টিসিবির স্মার্ট কার্ডধারী নিম্নআয়ের পরিবারগুলোর জন্য এসব পণ্যের দাম যথাক্রমে ১০০ টাকা, ৬০ টাকা ও ৭০ টাকা।
টিসিবি জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় চলমান নিয়মিত ভর্তুকি মূল্যের পণ্য সরবরাহ কার্যক্রমের পাশাপাশি ঈদ উপলক্ষে এই বিশেষ বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যাতে করে সাধারণ জনগণ কিছুটা স্বস্তি পায়।
স্টাফ রিপোর্টার 










