নতুন তোশাখানা (রাষ্ট্রীয় উপহার) মামলায় ১৭ বছরের কারাদণ্ডের রায়ের প্রতিবাদে পাকিস্তানজুড়ে গণ-আন্দোলনের ডাক দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। একই সঙ্গে তিনি এ রায়ের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টে আপিল করার ঘোষণা দিয়েছেন।
শনিবার ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) বিশেষ আদালত ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে এ দণ্ড দেন। কারাগারে থাকায় ইমরান খানের পক্ষে তাঁর আইনজীবী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় জানান, খাইবার পাখতুনখাওয়াসহ সারা দেশে আন্দোলনের প্রস্তুতি নিতে দলীয় নেতাদের নির্দেশ দিয়েছেন তিনি।
ইমরান খান রায়টিকে ‘ভিত্তিহীন ও পূর্বপরিকল্পিত’ আখ্যা দিয়ে বলেন, কোনো তথ্যপ্রমাণ ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই এই রায় দেওয়া হয়েছে। সংবিধান ও আইনের শাসন রক্ষায় আইনজীবী সমাজসহ জনগণকে রাজপথে নামার আহ্বান জানান তিনি।
পিটিআই এ রায়কে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ ও ‘অসাংবিধানিক’ বলে দাবি করেছে। দলটির নেতারা শান্তিপূর্ণ ও সাংবিধানিক আন্দোলনের মাধ্যমে এর প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
উল্লেখ্য, মামলাটি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপহার দেওয়া বুলগারি ব্র্যান্ডের একটি জুয়েলারি সেট ঘিরে। অভিযোগ অনুযায়ী, প্রায় ৮ কোটি রুপি মূল্যের সেটটি ইমরান খান মাত্র ২৯ লাখ রুপিতে নিজের কাছে রেখে দেন।
স্টাফ রিপোর্টার 









