দেশে আর্থিক সেবার আওতায় থাকা প্রায় ৪২ কোটি গ্রাহকের ৭৫ শতাংশই এখনো ডিজিটাল সেবার বাইরে—এ তথ্য উঠে এসেছে বিআইবিএমের এক গবেষণায়। মাত্র ২৪ শতাংশ এক বা একাধিক ডিজিটাল সেবা ব্যবহার করেন।
বুধবার বিআইবিএমের আয়োজিত গোলটেবিল আলোচনায় জানানো হয়, ব্যাংকের আমানতকারী ৪০ শতাংশের বেশি, এমএফএস গ্রাহক প্রায় ৩৫ শতাংশ এবং বাকি অংশ অন্যান্য সেবার ব্যবহারকারী। গবেষণায় দেখা যায়, গত ১০ বছরে আর্থিক সেবার ডেলিভারি চ্যানেল ৬ লাখ থেকে বেড়ে ১৬ লাখে দাঁড়িয়েছে, যার ৮৮ শতাংশই এমএফএস খাতের নিয়ন্ত্রণে।
গবেষণায় ব্যাংকিং খাতে ডিজিটাল রূপান্তরের সেরা সফলতা পেয়েছে মোবাইল ব্যাংকিং অ্যাপ, এরপর এটিএম সেবা। ব্যাংকগুলো তাদের বার্ষিক বাজেটের ১২ শতাংশের বেশি ডিজিটাল রূপান্তরে খরচ করছে। স্মার্টফোনের মাধ্যমে ডিজিটাল ব্যাংকিং সেবা গ্রহণ করেন ৭১ শতাংশ গ্রাহক।
আলোচনায় বিশেষজ্ঞরা বলেন, ডিজিটাল রূপান্তরের প্রধান বাধা প্রযুক্তি বিনিয়োগের ব্যয় এবং সাইবার ঝুঁকি। বিআইবিএম জানায়, গত দুই দশকে ব্যাংক খাতে ডিজিটাল অবকাঠামোয় বিনিয়োগ হয়েছে প্রায় ৬০ হাজার কোটি টাকা। বক্তারা ব্যাংকে আইটি বিশেষজ্ঞকে স্বতন্ত্র পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন।
স্টাফ রিপোর্টার 











