রংপুরে এক স্কুলছাত্রকে পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর মহানগর সমন্বয় কমিটির এক সদস্যসহ দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ছাত্র–জনতা। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাত আটটার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়–সংলগ্ন পার্কের মোড়ে।
গ্রেপ্তার দুজন—রাগিব হাসনাইন (৩০) ও রাকিবুল ইসলাম ওরফে তুষার (২৮)। রাকিবুল রংপুরে জি এম কাদেরের বাসায় হামলা মামলার ১ নম্বর আসামি। ঘটনাস্থলে দুই স্কুলছাত্রের মধ্যে বাকবিতণ্ডার সময় তাঁরা এসে উপস্থিত হন। প্রত্যক্ষদর্শীদের মতে, রাকিবুল পিস্তল বের করে এক ছাত্রের মাথায় ঠেকান। এতে উত্তেজিত ছাত্র–জনতা দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
পরে রাত ১২টার দিকে রংপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ) তোফায়েল আহমেদ সাংবাদিকদের জানান, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং পিস্তলসহ দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। উদ্ধার করা অস্ত্রটি আসল নাকি খেলনা, তা বিশেষজ্ঞ মতামতে নিশ্চিত হওয়া যাবে। অস্ত্রটি সত্যিকারের হলে তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা দেওয়া হবে।
ঘটনার পর রাতেই এনসিপির কয়েকজন নেতা তাজহাট থানায় গিয়ে আটক দুজনকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। মহানগর কমিটির যুগ্ম সমন্বয়কারী আলাল উদ্দিন কাদেরী দাবি করেন, রাগিব দলের সদস্য এবং রাকিবুল দলের সমর্থক। তিনি আরও বলেন, রাকিবুলের ভাগনেকে মারধরের খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়েছিলেন। তাঁর দাবি—যুবকদের কাছে থাকা পিস্তলটি ছিল খেলনা, কিন্তু উত্তেজিত জনতা সেটিকে আসল ভেবে তাঁদের পুলিশের হাতে তুলে দেয়।
স্টাফ রিপোর্টার 










