আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে প্রয়োজনীয় পণ্য আমদানির ক্ষেত্রে এলসি (লেটার অব ক্রেডিট) খোলার মার্জিন ন্যূনতম পর্যায়ে রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
স্থানীয় বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং স্থিতিশীল মূল্য ধরে রাখতেই এ নির্দেশনা নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এলসি মার্জিন শিথিলের এ সুবিধা আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। এ সুবিধার আওতায় চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল ছোলা, মটর, মসলা এবং খেজুর আমদানি করা যাবে, যেগুলোর চাহিদা রমজানে বাড়ে।
নির্দেশনায় বলা হয়, এখন থেকে ব্যাংক এলসি মার্জিন নির্ধারণের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট হার বজায় রাখার বাধ্যবাধকতা থাকছে না।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এলসি মার্জিন শিথিলের উদ্দেশ্য হলো জরুরি পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা এবং অভ্যন্তরীণ বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা।
স্টাফ রিপোর্টার 










