বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান ২০২৫-২৭ চক্রের শেষ পর্যন্ত শান্তই সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।
গত জুনে শ্রীলঙ্কা সফর শেষে টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন শান্ত। তবে পরবর্তীতে বিসিবি তাকে দায়িত্বে থাকার জন্য রাজি করাতে সক্ষম হয়।
২০২৩ সালে অধিনায়ক হওয়ার পর থেকে শান্ত এখন পর্যন্ত ১৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে বাংলাদেশ জিতেছে ৪টি, ড্র করেছে ১টি এবং হেরেছে ৯টি ম্যাচে।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, “শান্তর নেতৃত্বগুণ ও টেস্ট ক্রিকেটে তার দৃষ্টিভঙ্গির প্রতি বোর্ডের পূর্ণ আস্থা রয়েছে।”
নিজের প্রতিক্রিয়ায় শান্ত জানান, “দেশের টেস্ট দলের নেতৃত্ব ধরে রাখার সুযোগ পেয়ে আমি গর্বিত ও কৃতজ্ঞ। সামনে আয়ারল্যান্ড সিরিজসহ ব্যস্ত সময়ের জন্য আমরা প্রস্তুত।”
স্টাফ রিপোর্টার 










