সমাজ বার্তা অর্থনীতি ডেস্কঃ ইউরোপের বহুজাতিক প্রতিষ্ঠান লুইস ড্রেইফাস কোম্পানি (এলডিসি) ২০২২ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে। ১৭৪ বছরের পুরোনো এই কোম্পানি বর্তমানে বাংলাদেশের ছোট ও মাঝারি ব্যবসায়ীদের জন্য নিজস্ব উৎস থেকে সরাসরি কৃষিপণ্য আমদানির পরিকল্পনা করছে।
বাংলাদেশে বছরে ১৫ বিলিয়ন ডলারের বেশি কৃষিপণ্য আমদানি হয়, যার মধ্যে রয়েছে খাদ্য, প্রাণিখাদ্য ও রপ্তানিকাজের কাঁচামাল। এলডিসি ইতোমধ্যে গম, সয়াবিন বীজ, ভুট্টা, অপরিশোধিত চিনি, তুলা ইত্যাদি সরবরাহ করছে। ২০২৪ সালে এলডিসির সরবরাহকৃত পণ্যের মূল্য প্রায় ১৩৩ কোটি ডলার।
প্রতিষ্ঠানটি মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, টি কে গ্রুপ, বাদশা গ্রুপের মতো শীর্ষ শিল্পগ্রুপের নিয়মিত সরবরাহকারী। এলডিসি বর্তমানে খাদ্যশস্য, তেলবীজ ও ডালের সরবরাহ বাড়াতে কাজ করছে এবং তুলা সরবরাহ ব্যবস্থার উন্নয়নেও পরিকল্পনা নিচ্ছে।
এলডিসি বাংলাদেশের বাজারকে দ্রুতবর্ধনশীল ও গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে এবং সরবরাহ চেইন আরও সহজ ও প্রতিযোগিতামূলক করতে চায়।
স্টাফ রিপোর্টার 











