সুনামগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আসাদুজ্জামান পংকজ (৩৫) এবং তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২১ মে) বিকেল ৫টা ১০ মিনিটে শহরের দক্ষিণ আরপিন নগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃত অপর দুইজন হলেন পশ্চিম তেঘরিয়া এলাকার মোঃ লিমন মিয়া (৩২) ও দক্ষিণ আরপিন নগরের মোঃ শ্রাবনুজ্জামান (৩৪)।
অভিযানটি পরিচালনা করেন জেলা ডিবির এসআই মোহাম্মদ আব্দুল বাতেন। তাকে সহায়তা করেন এএসআই সুদীপ চন্দ্র বিশ্বাসসহ অন্যান্য পুলিশ সদস্যরা। অভিযানের সময় তাদের দেহ তল্লাশি করে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসাদুজ্জামান পংকজের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক ও অন্যান্য অপরাধে মোট ১৮টি মামলা রয়েছে।
এ ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
সুত্রঃ সুনামগঞ্জ জেলা পুলিশ মিডিয়া সেল
স্টাফ রিপোর্টার 










